বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের গ্রেপ্তার এড়াতে ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় অন্তত তিনটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানান, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে সানোয়ারকে থামতে বলা হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। আটক করার মুহূর্তে তিনি ১০ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন।তিনি আরও জানান, কিছুক্ষণ পর সানোয়ার অচেতন হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার কাছ থেকে আরও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যা এখনো গণনা করা হয়নি।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।