প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫
বরিশালের গৌরনদীতে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত
||
গৌরনদী উপজেলায় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সৈকত খান (২৬) নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবপুর হাইস্কুল মাঠে স্থানীয় কয়েকজন তরুণ মিলে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। টুর্নামেন্টে বিভিন্ন দল অংশ নিলেও খেলাধুলা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপও বিরাজ করছিল বলে জানা যায়।গুরুতর আহত অবস্থায় সৈকত খানকে উদ্ধার করে স্থানীয়রা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।হাসপাতালের শয্যায় শুয়ে সৈকত খান বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু মিলে টুর্নামেন্ট আয়োজন করি। কিন্তু বদরপুর গ্রামের আমিনুল ইসলাম ও শুভ ফকির অভিযোগ তোলে, টুর্নামেন্ট সম্পর্কে তাদের জানানো হয়নি। এ বিষয় নিয়ে রাতেই তারা বিতর্কে জড়ায় এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।’অভিযুক্তদের বিষয়ে বক্তব্য জানতে আমিনুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ‘ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪