ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে, দেশ তারেক রহমান–এর নেতৃত্বেই এগিয়ে যেতে চায় এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।শুক্রবার বাদ জুমা সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোটের মাধ্যমে দেশের মানুষ যে রায় দিয়েছে, তা থেকে পরিষ্কার হয়েছে দেশ তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বাস করে।স্বপন বলেন, নির্বাচনকে ঘিরে নানা অপপ্রচার ও কটূক্তি হয়েছিল। কিন্তু ভোটের দিন জনগণ শান্তভাবে তাদের রায় দিয়ে সব বিভ্রান্তির জবাব দিয়েছে। এই নির্বাচনে প্রমাণ হয়েছে, পেশীশক্তি নয় জনগণের শক্তিই চূড়ান্ত, বলেন তিনি।নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে ধানের শীষে ভোট দিয়েছে, সেই প্রত্যাশা পূরণ করাই এখন তাঁদের প্রধান দায়িত্ব। ভোটারদের আস্থা অক্ষুণ্ন রাখতে উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।জনপ্রতিনিধিদের ভূমিকা প্রসঙ্গে স্বপন বলেন, একজন এমপি শুধু দলীয় প্রতিনিধি নন, তিনি পুরো এলাকার অভিভাবক। কে কোন দল করেন বা কোন ধর্মের অনুসারী তা বড় বিষয় নয়। “আমাদের লক্ষ্য দলের নেতা হওয়া নয়, মানুষের নেতা হওয়া,” উল্লেখ করেন তিনি।নির্বাচনের পর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সংযমী থাকার নির্দেশ দেন। প্রতিপক্ষের সঙ্গে কোনো ধরনের আক্রোশে না জড়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার কথাও উল্লেখ করেন তিনি।বক্তব্যের শুরুতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–সহ স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণ করেন।দোয়া মাহফিলে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ ও বর্তমান আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপনসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।