মোঃ সুজন শরিফ, বরিশাল গৌরনদী প্রতিনিধি ||
বরিশালের গৌরনদী উপজেলায় এক নারী দোকানদারের কাছে জাল টাকার নোট ভাঙাতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন আশরাফ চৌকিদার (৪২) নামে এক ব্যক্তি। পরে তার কাছ থেকে ৪ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বংকুরা এলাকায় এ ঘটনা ঘটে। আটক আশরাফ একই উপজেলার শাহজিরা গ্রামের আনোয়ার চৌকিদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আশরাফ বংকুরা এলাকার একটি দোকানে গিয়ে এক নারী দোকানদারের কাছে বড় অঙ্কের একটি নোট ভাঙানোর চেষ্টা করেন। নোটটি দেখে দোকানদারের সন্দেহ হলে তিনি চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আশরাফকে আটক করে স্থানীয় চন্দ্রহার বাজারে নিয়ে যায়। সেখানে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে।খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে আশরাফের কাছ থেকে ১ হাজার টাকার তিনটি নোটসহ মোট ৪ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশরাফকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার কাছ থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।