ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ একটি চক্রের হুমকির মুখে পড়েছেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. নাসির উদ্দিন। মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে গৌরনদী মডেল থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইয়াবাসহ একজনকে আটকের তথ্য জানায়। এ বিষয়ে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. নাসির উদ্দিন বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযোগ করে বলেন, গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, থানা পুলিশ অভিযান চালিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা নতুন ব্রিজের পাশে পুরাতন রাস্তার ওপর থেকে ইয়াবাসহ দক্ষিণ নাঠৈ গ্রামের হেলাল হাওলাদারের ছেলে ফয়সাল মাহমুদ শুভকে (২৬) গ্রেপ্তার করেছে।প্রেসবিজ্ঞপ্তিতে ওসি আরও জানান, ফয়সাল মাহমুদ শুভকে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের ঘটনায় থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই তথ্যের সূত্র ধরে সাংবাদিক নাসির উদ্দিন সংবাদ প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের পর রাত সাড়ে নয়টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। কলকারী নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সংবাদটি মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করে।সাংবাদিক নাসির উদ্দিন জানান, কলকারী তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং সংবাদ অপসারণ না করলে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তিনি বলেন, “আমি পেশাগত দায়িত্ব থেকে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করেছি। অথচ একটি চক্র আমাকে ভয় দেখিয়ে সত্য প্রকাশ বন্ধ করতে চাচ্ছে—এটি স্বাধীন সাংবাদিকতার জন্য সরাসরি হুমকি।”তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলকে অবহিত করা হয়েছে। এবং শুক্রবার (১০ এপ্রিল) সকালে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নং ৪২৩।এ ঘটনায় গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিককে হুমকি দেওয়া চরম নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।সচেতন মহল বলছে, মাদকবিরোধী সংবাদ প্রকাশের কারণে যদি সাংবাদিকদের এভাবে হুমকির মুখে পড়তে হয়, তবে তা সমাজে অপরাধীদের উৎসাহিত করবে এবং সত্য প্রকাশের পথকে রুদ্ধ করবে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।