ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার নববর্ষের প্রথম দিনেই দেশব্যাপী “কৃষক কার্ড” বিতরণ কার্যক্রমের প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল সদর উপজেলার শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসে করে সফর করছেন। লন্ডন থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমাবেশস্থলে যাওয়ার জন্য তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যবহৃত সেই বাসটি ব্যবহার করছেন।সরকারি এ উদ্যোগের আওতায় দেশের ১১টি উপজেলায় একযোগে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ২২ হাজার ৬৫ জন কৃষক এই কার্ড পাচ্ছেন বলে জানা গেছে।প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে টাঙ্গাইলে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এলাকাবাসী সিটি করপোরেশন গঠন, পরিত্যক্ত বিমানবন্দর চালু এবং যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবির বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন।এদিকে, সফর উপলক্ষে জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। টাঙ্গাইল যাওয়ার পথে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় হাজারো মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মজিবুর রহমান, সংসদ সদস্য মনজুরুল করিম রনি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।