ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
দেশের বিভিন্ন স্থানে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এই সংস্থার তথ্য অনুযায়ী, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বুধবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান কেন্দ্রটির উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া।তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণেই নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে, আর বাকি জেলাগুলোতেও বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী আরও অন্তত পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের নিকলীতে সর্বোচ্চ ১৬১ মিলিমিটার, ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকেই বৃষ্টি চলছে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চারটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদী। এর মধ্যে মনু ছাড়া বাকি তিনটি নদী নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত।এ ছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব নদী আকারে ছোট হওয়ায় ভারী বৃষ্টিতে দ্রুত পানি বৃদ্ধি পায়।তবে বৃষ্টিপাত কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।