প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী শুক্রবার (৮ মে) কলকাতায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে দলীয় নেতা হিসেবে নির্বাচিত করা হবে।বুধবার (৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। জানা গেছে, বৈঠকে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করবেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বিধানসভা দলের নেতা হিসেবে ঘোষণা করবেন। এর মধ্য দিয়েই মুখ্যমন্ত্রী হওয়ার আনুষ্ঠানিক পথ প্রশস্ত হবে।গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ মে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরাজিত হয়েছেন। তিনি ভবানিপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু অধিকারী। ওই আসনে প্রায় ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পান শুভেন্দু।এছাড়া শুভেন্দু অধিকারী নন্দিগ্রাম আসন থেকেও বড় ব্যবধানে বিজয়ী হন। ফলে আগামী ১০ দিনের মধ্যে তাকে একটি আসন ছেড়ে দিতে হবে।আগামী ৯ মে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। এদিকে সম্ভাব্য এই দায়িত্ব গ্রহণকে সামনে রেখে দলীয় সমর্থকদের কোনো ধরনের উৎসব না করার আহ্বান জানিয়েছেন তিনি।সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪