ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে চায়। এজন্য সকল দেশপ্রেমিক মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানান তিনি।শনিবার (১৬ মে) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, সভ্যতা ও সমাজ নির্মাণে চলচ্চিত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প ও সংস্কৃতির বিকাশে সরকার সবসময় শিল্পীদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।তথ্যমন্ত্রী বলেন, মানবকল্যাণ ও দেশপ্রেমের চেতনা থেকেই শিল্পীরা এ পেশার সঙ্গে যুক্ত হন। শিল্পীরা জাতি, দেশ এবং বৈশ্বিক অঙ্গনে ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, বিশ্বের অধিকাংশ রাষ্ট্র চিন্তাশীল ও উৎপাদনমুখী কাজের যথাযথ পৃষ্ঠপোষকতা করে না। তবে তার মন্ত্রণালয় শিল্প ও সংস্কৃতির বিকাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।জহির উদ্দিন স্বপন বলেন, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত মানুষের জীবনকে চিন্তাশক্তি পরিচালিত করে। তাই এই চিন্তাশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।