মোঃ সুজন শরিফ, বরিশাল গৌরনদী প্রতিনিধি ||
নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বরিশালের গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টা ৩০ মিনিটে গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। তিনি তার বক্তব্যে বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, এই ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে অনেক নারী স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জাহির ও সাংবাদিক এসএম মামুন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম মৃধা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করতে জাতীয় মহিলা সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে অনেক নারী ছোট ব্যবসা, হাঁস-মুরগি পালন, গবাদিপশু লালন-পালন ও কৃষিভিত্তিক বিভিন্ন কাজে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে সক্ষম হচ্ছেন।বক্তারা আরও বলেন, নারীদের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। নারীদের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা গেলে তারা সমাজের বোঝা না হয়ে দেশের অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত হতে পারবেন।অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত ৪৫ জন নারীর মাঝে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই ঋণ কর্মসূচির মাধ্যমে নারীরা ক্ষুদ্র ব্যবসা ও বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবেন।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।