ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলায় খালাসের রায় দিয়েছেন আদালত। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মি আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে আদালত তাদের খালাস প্রদান করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন।
এ ঘটনায় একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন আদালতে মামলা দায়ের করেন। মামলায় নাসিরের বিরুদ্ধে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানির অভিযোগ আনা হয়।
পরে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন।
দীর্ঘ শুনানি শেষে গত ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে, অন্যদিকে আসামিপক্ষ খালাস প্রার্থনা করে। যুক্তিতর্ক শেষে আদালত ১০ জুন রায়ের জন্য দিন ধার্য করেন।
অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায়ে নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মি মামলা থেকে খালাস পেলেন। এর মাধ্যমে কয়েক বছর ধরে আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রমের সমাপ্তি ঘটলো।