বরিশালে ছাত্র-শ্রমিক সংঘর্ষে সব রুটের বাস চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে
১৬ নভেম্বর: গত শনিবার (১৫ নভেম্বর) বরিশালে ছাত্র ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ এবং বাস ভাঙচুরের ঘটনায় রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেন জানান, শিক্ষার্থীরা বিনা উসকানিতে শ্রমিকদের ওপর হামলা চালিয়ে অসংখ্য বাস ভাঙচুর ও পুড়িয়ে দিয়েছে। পাশাপাশি বিভিন্ন কাউন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, “মালিকরা লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু সমাধান ও বিচার না হলে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।”শ্রমিকরা জানিয়েছেন, ভাঙচুরের কারণে বাসগুলো চলাচলের উপযোগী নয় এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। সংঘর্ষে অনেক শ্রমিকও আহত হয়েছেন।বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, “ঘটনার জেরে মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করেছে। সংকট সমাধানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নজরে রেখেছেন।”সংঘর্ষের মূল কারণ ছিল হাফ ভাড়া নিয়ে বরিশাল সরকারি বিএম কলেজ, হাতেম আলী কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের এবং বাস শ্রমিকদের মধ্যে বিরোধ। এ সময় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় নুর পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয় এবং প্রায় অর্ধশত বাস ভাঙচুরের শিকার হয়। সংঘর্ষে প্রায় অর্ধশত ছাত্র ও শ্রমিক আহত হয়েছেন।