গৌরনদী সরকারি অডিটোরিয়ামে অগ্নিকাণ্ড
বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচশ’ আসন বিশিষ্ট সরকারি অডিটোরিয়ামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে অডিটোরিয়ামের স্টোররুমে এই আগুন লাগে।স্থানীয়রা অডিটোরিয়ামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আওতাধীন দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হন। তবে ততক্ষণে অডিটোরিয়ামের স্টোররুমে থাকা প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নির্ণয় করা হবে বলে তিনি উল্লেখ করেন।অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।