ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Today বাংলা নিউজ

যে মূলমন্ত্রে দুর্নীতিমুক্ত হয়েছে গৌরনদী ভূমি অফিস, প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মেহেদী হাসান

স্টাফ রিপোর্টার: মোঃ মেহেদী হাসান।স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবাকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে গৌরনদী উপজেলা ভূমি অফিসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। তার ব্যতিক্রমী উদ্যোগ, কঠোর তদারকি ও জনগণমুখী কার্যক্রমের ফলে দীর্ঘদিনের দালালচক্রের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ভূমি অফিসের প্রতি আস্থা ও সন্তুষ্টি বেড়েছে উল্লেখযোগ্যভাবে।স্থানীয় সূত্র ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে গৌরনদী উপজেলা ভূমি অফিসে শতভাগ শুনানি নিশ্চিত করা হয়েছে। ভূমি সংক্রান্ত প্রতিটি সেবায় স্বচ্ছতা বজায় রাখতে আগেই সেবাপ্রার্থীদের জানিয়ে দেওয়া হচ্ছে সরকারি ফি, আর্থিক অনুসন্ধান, প্রয়োজনীয় কাগজপত্র ও সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য। ফলে মানুষকে আর হয়রানি কিংবা অতিরিক্ত অর্থ ব্যয়ের শিকার হতে হচ্ছে না।ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান, আগে বিভিন্ন কাজের জন্য দালালের দ্বারস্থ হতে হতো। কিন্তু বর্তমানে সরাসরি অফিসে গিয়ে সহজেই কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে। এতে সময় যেমন বাঁচছে, তেমনি কমেছে ভোগান্তিও।জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বৃহস্পতিবার “জনগণের কাছে এসিল্যান্ডের জবাব” নামে ব্যতিক্রমধর্মী গণশুনানির আয়োজন করা হচ্ছে। এই গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষ তাদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ সরাসরি এসিল্যান্ডের কাছে তুলে ধরছেন। অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান দেওয়া হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, ভূমি সেবা মানুষের মৌলিক ও গুরুত্বপূর্ণ সেবার একটি। জনগণ যাতে হয়রানি ছাড়া দ্রুত ও স্বচ্ছ সেবা পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। দুর্নীতির কোনো সুযোগ এখানে রাখা হবে না।তিনি আরও জানান, আগামী ১৯, ২০ ও ২১ মে গৌরনদীতে তিনদিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা সম্পর্কে পরামর্শ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সাধারণ মানুষকে ভূমি সেবা সম্পর্কে আরও সচেতন ও প্রযুক্তিনির্ভর সেবায় অভ্যস্ত করতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।উপজেলার সচেতন মহল মনে করছেন, গৌরনদী ভূমি অফিসে বর্তমান প্রশাসনের নেওয়া স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক উদ্যোগ অন্য উপজেলাগুলোর জন্যও অনুসরণীয় হতে পারে। তাদের মতে, একজন কর্মকর্তার আন্তরিকতা ও সঠিক মনোভাব থাকলে সরকারি সেবাখাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব যার বাস্তব উদাহরণ এখন গৌরনদী উপজেলা ভূমি অফিস।

যে মূলমন্ত্রে দুর্নীতিমুক্ত হয়েছে গৌরনদী ভূমি অফিস, প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মেহেদী হাসান