টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম।বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিদা বেগমকে সংবর্ধনা উপলক্ষে এক আবেগঘন দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ নুরুল আনোয়ার রুবেল।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে সায়মা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন মানপত্র পাঠ করেন, যা উপস্থিত সকলের মাঝে গভীর আবেগের সঞ্চার করে। এ সময় বিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭০ সাল থেকে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা এ প্রতিষ্ঠান থেকে চলতি বছরে তিনটি শাখা থেকে মোট ৮৫ জন শিক্ষার্থী বিদায় নিয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ জন এবং মানবিক বিভাগে ৫৮ জন শিক্ষার্থী রয়েছে।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।এছাড়াও দীর্ঘদিনের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা পেশায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিদা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সহকর্মী ও শিক্ষার্থীরা তার কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।অনুষ্ঠানের শেষপর্বে তহসিল অফিস জামে মসজিদের ইমাম ক্বারী আল আমিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ মঙ্গল কামনা করা হয়।পুরো আয়োজনটি শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।