ঢাবির শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনায় আহত একাধিক
রাজধানীর তেজগাঁও এলাকায় শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এফডিসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর “ক্ষণিকা” পরিবহনের একটি বাস মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের দাবি, বাসটি আগে থেকেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তাদের ফেসবুক পেজে এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ডাকসু নেতারা হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন বলে জানানো হয়।ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, সকালে এফডিসির সামনে ক্ষণিকার একটি বাস দুর্ঘটনায় পড়ে। আহতদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।ঘটনাটি শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।