ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

পটুয়াখালীতে একদিনে বজ্রপাতে নিহত ৪

পটুয়াখালী জেলায় একদিনে পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে নিহত হন সৌরভ মজুমদার (২২)। একই দিন দুপুরে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান জহির উদ্দিন (২৮)।এদিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) বজ্রপাতে নিহত হন। অপরদিকে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে খালেক হাওলাদার (৫৫) বজ্রাঘাতে মারা যান।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতদের পরিবারের খোঁজখবর নিতে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।অন্যদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “উপজেলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কী ধরনের সহায়তা দেওয়া হবে, তা পরবর্তীতে জানানো হবে।এদিকে বজ্রপাতের ঘটনায় শুধু প্রাণহানিই নয়, গবাদিপশুরও ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গরু মারা গেছে।কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ জানান, ২৮ এপ্রিল পর্যন্ত অন্তত ২৯টি গরুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে এখনও অনেক কৃষক ক্ষতির তথ্য জানাননি, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে ঘন ঘন বজ্রপাতের ঘটনায় আতঙ্ক বেড়েছে এবং এ বিষয়ে দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

পটুয়াখালীতে একদিনে বজ্রপাতে নিহত ৪