গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
গৌরনদী(বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান। গৌরনদী উপজেলার মিয়ারচর নূরানী বিভাগ কিন্ডারগার্টেন মাদ্রাসার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে প্রতিষ্ঠানটি বন্ধ করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় মিয়ারচর এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রফেসর গোলাম সারোয়ার। বক্তব্য রাখেন মাওলানা যারফুদুল্লাহ, প্রধান শিক্ষক নূরানী মাদ্রাসা; মোঃ সরোয়ার প্যাদা, সেক্রেটারি, মাদ্রাসা পরিচালনা কমিটি; মোঃ খাইরুল ইসলাম, ইউপি সদস্য; মাওলানা ইয়াসিন মৃধা, সাবেক মুহতামিম; মাওলানা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, মাদ্রাসা।এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসাটির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করে এর শিক্ষা কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।জানা যায়, মিয়ারচর (লোয়াই) হাওলাদার বাড়ির বাসিন্দা মোঃ মিজানুর রহমান হাওলাদার, পিতা- আব্দুল খালেক হাওলাদার, ডাকঘর- হোসনাবাদ, গৌরনদী, বরিশাল, বরিশালের বিজ্ঞ গৌরনদী আদালতে দেওয়ানি মোকদ্দমা নং- ৬৭ এর আওতায় স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন দায়ের করেন।এ আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, বরিশালের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে ৯ মার্চ ২০২৬ তারিখে স্মারক নং- ০৫.১০.০৬০০.১১৭.০০১.২৫.৬৪ এর মাধ্যমে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।মাদ্রাসাটির পরিচালক লন্ডন প্রবাসী মোঃ মজিবুর রহমান বলেন, “২০১৪ সাল থেকে আমরা ব্যক্তিগত অর্থায়নে মাদ্রাসাটি পরিচালনা করে আসছি। এখানে আমাদের কোনো দুনিয়াবি স্বার্থ নেই, রয়েছে আখেরাতের চিন্তা।”মানববন্ধনে মিয়ারচর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, স্থানীয় মুসল্লি ও নূরানী-হেফজ বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।